১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অর্কিড প্লাজায় ২ মৃত্যু: কাচ ঘেরা ভবন থেকে ‘ধোঁয়া বের হতে পারেনি’

১২ তলা কে বি অর্কিড প্লাজার ছয় তলা পর্যন্ত কাচে ঘেরা। ভবনের বিভিন্ন তলায় ব্যাংকের শাখা, তৈরি পোশাকের দোকান, টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 02:24 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

চট্টগ্রামের টেরিবাজারে ১২তলা কে বি অর্কিড প্লাজায় আগুন লাগার পর ধোঁয়া বের হতে পারেনি; আর সে কারণেই ধোঁয়ায় অসুস্থ হয়ে দুনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেরিবাজারের বক্সির বিটের কাছে ওই ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বেলা পৌনে ১২টার দিকে সেখানে দুজনের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান।

মৃত দুজন হলেন মোহাম্মদ ইউনূস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের দুজনেরই বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

বেলা একটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন সাংবাদিকদের বলেন, “যেহেতু এটা গ্লাস বন্দি প্লাজা, ধোঁয়াটা ঠিকমত বের হতে পারেনি। ধোঁয়ার কারণে কার্বনের পরিমাণ যখন বেড়ে যায়, তখন শ্বাসকষ্ট হয়। কয়েকজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। 

“শুরুতে খবর পেয়ে আমাদের দুটি ইউনিটের চারটি গাড়ি আসে। পরে অন্য ইউনিট থেকেও গাড়ি আসে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আমরা সক্ষম হয়েছি। যেহেতু জনবহুল ও ঘিঞ্জি এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, তাই এখানে কাজ করতে আমাদের বেগ পেতে হয়েছে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন হাসপাতালে সাংবাদিকদের বলেন, “টেরি বাজারে অগ্নি দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এদের শরীরের বাইরের অংশে কোনো বার্ন নেই। কিন্তু শ্বাসনালী পুরোটা পুড়ে গেছে। 

“আরেকজন আহত অবস্থায় এসেছেন। তিনি বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।”

১২ তলা কে বি অর্কিড প্লাজার ছয় তলা পর্যন্ত কাচে ঘেরা। ভবনের বিভিন্ন তলায় ব্যাংকের শাখা, তৈরি পোশাকের দোকান, টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে। 

ভবনের চতুর্থ তলায় ওয়েস্টার্ন টেইলার্স নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে বলে তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক অতীশ চাকমা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

পুরনো খবর

টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুনধোঁয়ায় অসুস্থ হয়ে দুজনের মৃত্যু