Published : 25 Apr 2025, 08:37 PM
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ‘অসুস্থ হয়ে’ এক কয়েদির মৃত্যু হওয়ার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
ওই কয়েদির নাম ফারজান হোসেন সজীব (৩৬)। তিনি নগরীর বক্সিরহাট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা বলছেন, তিনি একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন। পরে যুক্ত হন বক্সিরহাট ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই সজীবের মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুকে ব্যথা অনুভব করায় কারা হাসপাতালে তাকে ইসিজি করানো হয়।
“ইসিজির রিপোর্ট ভালো না আসায় তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, “হৃদরোগে আক্রান্ত হয়ে ওই কয়েদির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের ধারণা।”
সজীবকে গত ২৭ মার্চ নগরীর কোতয়ালি থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়।