১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিকশা ছিনতাই করতে গিয়ে কিশোরকে গলা কেটে হত্যা

স্থানীয়রা জানান, জিহাদ স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গৃহকর্মী মাকে সহায়তা করতে রাতের বেলায় সে রিকশা চালাত।

রিকশা ছিনতাই করতে গিয়ে কিশোরকে গলা কেটে হত্যা
গ্রেপ্তার মো. বাপ্পী ও মো. রাজীব

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 07:02 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের জন্য এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বুধবার উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে হাবিবুর রহমান জিহাদ নামের ওই কিশোর রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়। 

নিহত জিহাদের বয়স ১৫ বছর, বাড়ি সন্দ্বীপের মুছাপুর এলাকায়। মা ও ভাইয়ের সঙ্গে সীতাকুণ্ড পৌরসভার গোডাউন সড়ক এলাকায় সে থাকত।  

এ ঘটনায় মো. বাপ্পী ও মো. রাজীব নামে দুই যুবককে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রীবেশে ছিনতাইকারীরা রাতে জিহাদের রিকশা ভাড়া করে। পথে তার কাছ থেকে রিকশা ছিনতাই করার চেষ্টা করলে সে বাধা দেয়। তখন তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাসহ বিভিন্ন স্থানে আঘাত করে। 

“আটক দুজন একটি গ্যারেজে রিকশাটি বিক্রি করতে গিয়েছিল। গ্যারেজ মালিকের সন্দেহ হওয়ায় তাদের আটকে ফেলে। স্থানীয় লোকজন পিটুনি দেওয়ায় পর তারা রিকশা ছিনতাই ও হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।” 

পরে পুলিশ গিয়ে দুইজনকে হেফাজতে নেয়। আটকদের মধ্যে বাপ্পীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয়রা জানান, জিহাদ স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গৃহকর্মী মাকে সহায়তা করতে রাতের বেলায় সে রিকশা চালাত। 

তার রিকশাটি সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিক্রি করতে গিয়েছিলেন বাপ্পী ও রাজীব। ১০ হাজার টাকায় রিকশা বিক্রি করতে চাওয়ায় গ্যারেজ মালিকের সন্দেহ হয়। তখন রিকশার পেছনে থাকা মালিকের মোবাইলে ফোন করা হলে মালিক চালকের খোঁজ করেন। 

এ সময় গ্যারেজ মালিক চালকের বিষয়ে তথ্য জানতে চাইলে বাপ্পী ও রাজীব ‘অস্বাভাবিক’ আচরণ করেন। স্থানীয়রা তখন তাদের ধরে পিটুনি দেয়।