১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিতু হত্যা: আবার গ্রেপ্তার ভোলা

নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ।

মিতু হত্যা: আবার গ্রেপ্তার ভোলা
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 01:51 AM

Updated : 26 Aug 2026, 05:37 PM

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা বেগম মিতু হত্যা মামলার জামিনে থাকা আসামি এহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করার কথা বলেছেন বাকলিয়া থানার ওসি মো. সোলায়মান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নির্বাচনে সন্ত্রাসীরা যাতে কারো পক্ষ নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য পুলিশের অভিযান চলছে। সে অভিযানে ভোলাকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, ভোলা তালিকাভুক্ত পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক মামলা আছে। নির্বাচনে স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে তার হুমকিস্বরূপ।  সে কারণে সন্ত্রাস বিরোধী অভিযানে ভোলাকে গ্রেপ্তার করা হয়।

২০১৬ সালের ৫ জুন ভোরে নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মিতু। 

ওই বছরের ২৮ জুন এহতেশামুল হক ভোলাকে তার সহযোগী মনির হোসেনসহ গ্রেপ্তারের তথ্য দেয়। এসময় তাদের কাছ থেকে পয়েন্ট ৩২ বোরের একটি পিস্তল উদ্ধারর কথা বলা হয়। পুলিশ তখন বলেছিল, ওই পিস্তল দিয়ে মিতুকে হত্যা করা হয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় দুই দফায় গ্রেপ্তার হয়ে বেশ কয়েক বছর কারাগারে ছিলেন ভোলা। পরে জামিনে ছাড়া পান।

মিতু হত্যা মামলায় ভোলার জামিন