১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে গোলবারের চাপায় প্রাণ গেল তরুণের

খেলায় জেতার পর গোলপোস্টের লোহার বার ধরে ঝুলছিলেন মাহিদুল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 04:12 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে লোহার গোলবারের নিচে চাপা পড়ে মারা গেছেন এক তরুণ।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ১৮ বছর বয়সি মাহিদুল নগরীর কলসির দীঘির পাড় এলাকায় থাকতেন। তিনি বাউফল থানার কোনোপদিয়া রাসেল গাজীর বাড়ির রাসেল গাজীর ছেলে।

মাহিদুলের দুলাভাই রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়েছিল মাহিদুল। সেখানে দুর্ঘটনাবশত লোহার গোলবার তার গায়ের উপর পড়ে সে মারা যায়। 

“আমরা লাশ নিয়ে নিউমুরিং এলাকায় এসেছি। এখানে গোসল শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাড়িতে তার দাফন হবে।”

মাহিদুল রং মিস্ত্রির কাজ করতেন এবং কলসির দীঘির পাড়ে দুলাভাইয়ের সঙ্গে থাকতেন। 

স্থানীয়রা জানান, সকালে বন্ধুদের সঙ্গে বেগমজান বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যান মাহিদুল। খেলায় জেতার পর গোলপোস্টের লোহার বার ধরে ঝুলছিলেন মাহিদুল। তখন গোলবার খুলে পড়লে তাতে চাপা পড়েন মাহিদুল। 

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা।