১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে গানের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগানের পর ২ পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

“পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে কেউ আহত হয়েছেন কি না, জানি না,” বলেন ওসি শাহীনুর জামান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 12:56 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

চট্টগ্রামের জিইসি মোড়ে একটি কনভেনশন সেন্টারে গানের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষে একজনের গুলিবিদ্ধ হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। 

শনিবার রাত ৯টার দিকে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শরিফকে (২৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, গানের অনুষ্ঠানে ‘জয় বাংলা‘ স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। 

পুলিশ বলছে, একটি মোটরসাইকেল বিক্রয়কারী কোম্পানি জিইসি কনভেনশন সেন্টারে ‘কনসার্ট’ আয়োজন করে। সেখানে ব্যান্ডদল আর্টসেল গান পরিবেশন করার কথা ছিল। উন্মুক্ত এ কনসার্ট সন্ধ্যায় শুরু হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

খুলশী থানার ওসি শাহীনুর জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসন থেকে অনুষ্ঠানের অনুমতি নেওয়া ছিল না। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

“একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে কেউ আহত হয়েছে কি না, জানি না।”

জয় বাংলা স্লোগান দেওয়ার বিষয়েও কিছু জানেন না বলে দাবি করেন এ পুলিশ কর্মকর্তা।

চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, রাতে জিইসি মোড় এলাকা থেকে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

“তিনি কী কারণে গুলিবিদ্ধ হয়েছেন, তা আমাদের জানা নেই।”   

শরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া মো. নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কনসার্টের মধ্যে কয়েকজন জয় বাংলা স্লোগান দিলে আমরা প্রতিবাদ করি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়।”

নিজেকে ছাত্রকর্মী হিসেবে পরিচয় দেওয়া নাঈম বলেন, সেখানে পুলিশ গুলি ছুঁড়লে শরিফ গুলিবিদ্ধ হন। 

সংঘর্ষের পর জিইসি কনভেনশন সেন্টারের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।