Published : 04 Jul 2024, 09:18 PM
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এক শিশুকে ধাক্কা দিয়ে সটকে পড়ার সময় রেলিংয়ে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সৈকতের চড়পাড়া ঘাটের ওয়াকওয়েতে (হাঁটার রাস্তা) বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে বলে পতেঙ্গা থানার এসআই আশীষ কুমার দে জানান।
নিহত মনজুর আলম সিপনের (২২) বাড়ি ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়ায়। মোটরসাইকেলে ধাক্কায় আহত মাইমুন আকতার (৫) নগরীর চামড়া গুদাম এলাকার মামুনুর রশিদের মেয়ে।
এসআই আশীষ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটি পরিবারের সদস্যদের সঙ্গে পতেঙ্গা সৈকতে বেড়াতে গিয়েছিল। ওয়াকওয়েতে মোটরসাইকেল চালানোর সময় সিপন শিশুটিকে ধাক্কা দেয়।
“পরে দ্রুতগতিতে সটকে পড়ার সময় মোটরসাইকেল নিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন সিপন। দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক সিপনকে মৃত ঘোষণা করেন।”
শিশুটি হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান।