Published : 05 Feb 2026, 07:12 PM
চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ৩৩৯ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে পাঠানোর তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দোহাজারি ব্রিজ সংলগ্ন ‘বার্মা কলোনি’ থেকে তাদের আটক করা হয় বলে জানান চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াস খান।
আটক রোহিঙ্গাদের মধ্যে ১৬৮ জন পুরুষ, ৭৭ জন নারী এবং ৯৪ জন শিশু রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইলিয়াস খান বলেন, দোহাজারী ব্রিজের নিজে এসব রোহিঙ্গাদের পাশাপাশি বিভিন্ন জেলার লোকজন ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস করেন। স্থানীয়দের কাছে সেটি বার্মা কলোনি নামে পারিচিত।
ওসি জানান, ভোরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে অনেককেই আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে ৩৩৯ জনকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা হয়।
এদিকে বিকালে আটক করা রোহিঙ্গাদের পুলিশ পাহারায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানান ওসি ইলিয়াস খান।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনী এ অভিযান চালায় বলে জানান ওসি।