Published : 11 May 2024, 11:24 PM
কলকাতা ও ভূবনেশ্বরের আমরি হাসপাতালের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি হাসপাতাল নিয়ে সেবার পরিধি বাড়িয়েছে ভারতের মণিপাল হাসপাতাল।
একীভূত হাসপাতালগুলোর সেবা আগামী ১৫ মে থেকে পাওয়া যাবে। এতে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের জন্য সেবা পাওয়া সহজ ও সাশ্রয়ী হবে বলে দাবি মণিপাল হাসপাতাল কর্তৃপক্ষের।
শনিবার চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে সংবাদ সম্মেলনে এসে মণিপাল হাসপাতাল গ্রুপের চিফ ম্যানেজার রাম গোপাল বর্ধন বলেন, হাসপাতালগুলো একীভূত হওয়ায় বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের আর দীর্ঘ যাত্রা করে বেঙ্গালুরু বা দিল্লি যেতে হবে না।
সংবাদ সম্মেলনে বলা হয়, মণিপাল হাসপাতালের চট্টগ্রাম তথ্য কেন্দ্র থেকে ভারতে চিকিৎসা নিতে যেতে আগ্রহী রোগীদের ভিসা প্রাপ্তি, চিকিৎসাবিষয়ক প্রাথমিক তথ্য প্রদান এবং মুমুর্ষূ রোগীদের এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা দেওয়া হবে।
মণিপাল হাসপাতালের কলকাতা ইউনিটের ইন্টারন্যাশনাল মার্কেটিং এক্সিকিউটিভ নির্ঝর ঘোষ, যশবন্তপুর ইউনিটের ডেপুটি ম্যানেজার কৃষ্ণ গোপাল বর্ধন, দিল্লি ইউনিটের ম্যানেজার আশীষ ধাওয়ান, বাংলাদেশ কনসালটেন্ট খালিদ হাসান এবং এশিয়ান টুরিজম ইন্টারন্যাশনালের সিইও মারুফ আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।