১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মারধরের পর কোনো চিকিৎসার ব্যবস্থা না করে ওই ছাত্রকে সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রেণিকক্ষে আটকে রাখারও অভিযোগ করেছেন তার বাবা।

চট্টগ্রামে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার মোহাম্মদ মোক্তিয়ার

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 03:35 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ মোক্তিয়ার (৪০) উপজেলার কধুরখীল আল কুরআন একাডেমির শিক্ষক।

সোমবার রাতে মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বোয়ালখালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানিয়েছেন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েক দিন আগে মাদ্রাসার এক শিক্ষার্থীকে অতিরিক্ত প্রহারের অভিযোগ ওঠে। এ ঘটনায় সোমবার শিশুটির বাবা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।"

যাকে মারধরের কথা বলা হচ্ছে, ১৪ বছর বয়সী সেই ছেলেটি কধুরখীল আল কুরআন একাডেমির মুতাফাররিকা বিভাগের শিক্ষার্থী।

থানায় দেওয়া অভিযোগে বলা হয়, গত ৮ জুলাই সকালে খেলাধুলার অজুহাত তুলে শিক্ষক মোহাম্মদ মোক্তিয়ার ছেলেটিকে গালিগালাজ করেন এবং বেত্রাঘাত, কিল ও ঘুষি মারেন।

মারধরের পর কোনো চিকিৎসার ব্যবস্থা না করে ওই ছাত্রকে সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রেণিকক্ষে আটকে রাখারও অভিযোগ করেছেন তার বাবা। 

মামলার এজাহারে বলা হয়েছে, ওই দিন আসরের নামাজের সময় সুযোগ পেয়ে ছেলেটি মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায় এবং পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।