Published : 23 Jun 2026, 11:53 AM
মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে গত ৮ জুলাই সচিবালয়ে একই তথ্য দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
এহছানুল হক মিলন বলেন, “জুলাই মাসের ২০ তারিখে রেজাল্ট দেওয়ার পরে ইমিডিয়েটলি আমি কলেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করছি। সিনক্রোনাইজ করছি যে—আমি এখানে সময় দেব না। দিলেইতো কোচিং সেন্টারে যাবে, কেন আমি সময় দেব? আমি তাদেরকে ভর্তি হতে তাড়াতাড়ি চেষ্টা করব।”
শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বেশি সময় লাগার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দেখুন বাংলাদেশে ক্লাস টেন পর্যন্ত পড়তে ১০ বছর লাগে, ৬ বছরে ভর্তি হয়। তো কত বছর হলো? ১৬ বছর।”
এসময়ে পড়াশোনা শেষ হয় না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আপনার টুয়েলভ গ্রেড অব এডুকেশন হবে ১২ প্লাস ৬, কত? ১৮। আর আমরা করছি কত? ২০।
“প্রত্যেকটি স্টুডেন্টের কাছ থেকে আমরা দুটি বছর করে নিয়ে নিচ্ছি। এখন অ্যাপ্রক্সিমেটলি...২০ লাখস, টু মিলিয়ন। ২০ লাখস স্টুডেন্ট অ্যাপেয়ার্ড ইন এসএসসি এক্সাম, অ্যাপ্রক্সিমেটলি এসএসসি অ্যান্ড সমমানের। আর নিয়ারলি...২০ লাখস যায় এইচএসসি অ্যান্ড সমমানের। তাহলে ৪০ লাখস স্টুডেন্ট। তাহলে আমরা এক বছর করে সময় নষ্ট করলে ৪০ লাখস ইয়ার্স আমরা জাতির জীবনে পিছিয়ে গেলাম, অ্যাম আই রাইট?”
পরীক্ষার এক বছর আগে রুটিন প্রকাশের উদ্যোগের কথা জানিয়ে এহছানুল হক মিলন বলেন, “এক বছর আগে, দেড় বছর আগে রুটিন দিয়ে দেওয়া যায় না পরীক্ষার? দিয়েছি আমি। অলরেডি আমি ’২৭-এ এসএসসি কবে হবে, ’২৭-এ এইচএসসি কবে হবে, সেটা আমি দিয়ে দিয়েছি।
“ওয়ান ইয়ার এহেড আমি দিয়ে দিয়েছি, লেট দেম প্রিপেয়ার। অ্যাট দ্যা সেম টাইম, আমরা বেজলাইন ধরেছি ২০২৭-এর এসএসসি, তারপরের থেকে আমরা সিনক্রোনাইজ করব।”
বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মিলন বলেন, “ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোও আমরা নিয়ে আসব এবং ফোর ইয়ার্স ইউনিভার্সিটি হ্যাজ টু বি ফিনিশড উইদিন ফোর ইয়ার্স। হোয়াই নট? ইউনিভার্সিটি কি আমাদের বাইরে?
“ইউনিভার্সিটি ভিসি কি আমরা বানাইনি? ইউনিভার্সিটি ভিসির সেই ই খাতায় কি আমাদের প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেনি? তাহলে তাদেরও উইদিন ফোর ইয়ার্স বেরিয়ে আসতে হবে।
“এভাবে করে আমাদের দেশের শিক্ষার পরিবর্তন আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। সিলেবাস-কারিকুলাম আপডেট করতেই হবে। এবার আমরা চেষ্টা করেছি, কিন্তু হিউম্যান স্কিল... মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন—স্মার্ট হতে হবে, তথ্যনিষ্ঠ হতে হবে, রেজিলিয়েন্ট হতে হবে, ভ্যালুবেসড এডুকেশন হতে হবে, আনন্দদায়ক শিক্ষা ব্যবস্থা করতে হবে। এগুলো সব করতে হবে।”