বানভাসিদের জন্য ত্রাণসামগ্রী পাঠাল চট্টগ্রাম বিএনপি
নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে চলছে ত্রাণ সংগ্রহ এবং সেগুলো প্যাকেটজাত করার কাজ।
বানভাসি মানুষের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে চট্টগ্রাম নগর বিএনপি।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানোর জন্য বুধবার বিকালে মহানগর কৃষক দলের টিমকে প্রথম দফায় ত্রাণসামগ্রীর চালান হস্তান্তর করেন নগর বিএনপির নেতারা।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এবং ত্রাণ কমিটির আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন।
বিএনপি নেতা এরশাদ উল্লাহ বলেন, “বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের জন্য। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত এলাকায় বিএনপির নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম বন্যার পানি নামার পর বন্যার্তদের পুনর্বাসন পর্যন্ত অব্যাহত রাখতে হবে। সকলকে জনগণের সুখে-দুঃখে কাজ করতে হবে।”
এরশাদ উল্লাহ চট্টগ্রামবাসীকে বন্যার্তদের জন্য সাধ্য অনুযায়ী ত্রাণসামগ্রী নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান।
এছাড়া আগামী দুয়েকদিনের মধ্যে আরও বড় পরিসরে ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রাম নগর বিএনপির নেতৃবৃন্দ বন্যা উপদ্রুত এলাকায় যাবেন বলে জানান তিনি।
চট্টগ্রাম নগর বিএনপি ইতোমধ্যে নয় সদস্যের একটি ত্রাণ কমিটি গঠন করেছে। কমিটির পক্ষ থেকে নগরীর কাজির দেউড়িতে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে চলছে ত্রাণ সংগ্রহ এবং সেগুলো প্যাকেটজাত করার কাজ।
বন্যা উপদ্রুত অঞ্চলের মানুষের জন্য পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে আছে চাল, ডাল, তেল, শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ।
বুধবার ত্রাণ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ত্রাণ কমিটির সদস্য হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, খোরশেদ আলম, সিহাব উদ্দিন মোবিন, মহানগর কৃষক দলের সদস্য সচিব কামাল পাশা নিজামী, যুগ্ম আহবায়ক নাজমুল হক নাজু।
