Published : 01 May 2026, 09:35 PM
নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের তথ্য দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার এনসিটিতে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৫ হাজার ৭০৯ টিইইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের)।
বন্দর সচিব সৈয়দ রেফাত হামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনসিটির ইতিহাসে একদিনে এটি সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিং।”
এর আগে গত ১১ এপ্রিল এনসিটিতে একদিনে সর্বোচ্চ ৫ হাজার ৪৮৪ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছিল।
বৃহস্পতিবার এনসিটিসহ চট্টগ্রাম বন্দরের সকল টার্মিনাল মিলিয়ে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে মোট ১০ হাজার ১৬২ টিইইউস।
বন্দর সচিব বলেন, “এ অর্জন বাংলাদেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং সক্ষমতা বৃদ্ধিতে চট্টগ্রাম বন্দরের নিরলস প্রচেষ্টার প্রতিফলন।”
বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বর্তমানে নৌবাহিনীর পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনায় অপারেশনাল র্কাযক্রম চলছে।