১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে এক হাজার লিটার সয়াবিন তেল জব্দ

“আমানত প্যাকেজিং প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে সিএম সনদ না নিয়ে তেল বোতলজাত করে মোড়কে মানচিহ্নও ব্যবহার করেছে,” বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 09:38 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

চট্টগ্রামে বিএসটিআই সনদ না নিয়ে ফর্টিফাইড সয়াবিন তেল বোতলে ভরা ও মোড়কে মানচিহ্ন ব্যবহার ব্যবহার করার অপরাধে এক হাজার লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার নগরীর বায়েজিদ থানা এলাকার গুলবাগ আবাসিক এলাকায় আমানত প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং নামক প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার এ অভিযান পরিচালনা করেন।

এছাড়া নগরীর খুলশী এলাকায় খাদ্যপণ্য মজুদের লাইসেন্স ছাড়া সয়াবিন তেল মজুদ ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল মজুদ করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানাও করেছে একই ভ্রাম্যমাণ আদালত।

শাকিব শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বায়েজিদ এলাকার আমানত প্যাকেজিং প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে সিএম সনদ না নিয়ে ফর্টিফাইড সয়াবিন তেল বোতলজাত করে মোড়কে মানচিহ্নও ব্যবহার করেছে।

সে কারণে প্রতিষ্ঠানটিতে মজুদ ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল, ১০ হাজার মোড়ক ও খালি বোতল জব্দ করে বায়েজিদ থানা মামলা করা হয়েছে বলে জেলা প্রশাসনেরর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সেইসঙ্গে খুলশী এলাকায় খাদ্যপণ্য মজুদের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ৫০ ড্রাম ফর্টিফাইড সয়াবিন তেল অস্বাস্থ্যকর পরিবেশে মজুদ করায় দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করার কথা জেলা প্রশাসন জানিয়েছে।