২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগ থাকলে সামনে আরও খারাপ দিন আসবে: বুলু

বিএনপি নেতা বুলু বলেন, “এই বাংলাদেশে শেখ হাসিনার রক্ষা হবে না। আপনি খালেদা জিয়াকেও মামলা দিয়ে সাজা দিয়েছেন। খালেদা জিয়ার পা ধরে মাফ চাইতে হবে, এছাড়া আপনার কোনো গতি নেই।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 08:00 PM

Updated : 18 Aug 2023, 08:27 PM

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর জামায়াতে ইসলামীকে গায়েবানা জানাজা করার অনুমতি না দেওয়ায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেছেন, “মানুষ এখন জানাজার নামাজও পড়তে পারে না। সামনে এমন দিন আসবে, আমার মনে হয় শেখ হাসিনা থেকে অনুমতি নিয়ে নামাজ পড়তে হবে। আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে চাই।”

সরকারের পদত্যাগের একদফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকালে চট্টগ্রামের কাজীর দেউরী নুর আহম্মেদ সড়কে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে এ মন্তব্য করেন বুলু।

তিনি বলেন, “আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বিদায় নেন। অন্যথায় পালানোর পথ পাবেন না। আজকের আওয়ামী লীগ শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। আজকের আওয়ামী লীগ জিয়াউর রহমানের অনুমোদনের আওয়ামী লীগ।”

বরকত উল্লাহ বুলু বলেন, “একদিনের ঘোষণায় লাখ লাখ মানুষ গণমিছিলে যোগ দিয়েছে। এতে প্রমাণিত হয় বিএনপির রাজনীতিতে জনগণ একতাবদ্ধ। এই সরকার হিংসার কারণে তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছেন।

“তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান উচ্চতর ডিগ্রিধারী। তাদের পরিবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে। তাকেও মিথ্যা মামলার আসামি করে সাজা দেওয়া হয়েছে।”

বিএনপি নেতা বুলু বলেন, “তারেক রহমানকে ৫০ লাখ মানুষ স্বাগত জানাতে যখন প্রস্তুতি নিচ্ছিল তখন তাকে মামলার সাজা দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায়, এটি রাজনীতির হিংসার প্রতিফলন।

“এই বাংলাদেশে শেখ হাসিনার রক্ষা হবে না। আপনি খালেদা জিয়াকেও মামলা দিয়ে সাজা দিয়েছেন। খালেদা জিয়ার পা ধরে মাফ চাইতে হবে, এছাড়া আপনার কোনো গতি নেই।”

সমাবেশের প্রধান বক্তা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “আওয়ামী লীগ জনগণের নির্বাচিত সরকার নয়। শেখ হাসিনাকে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।

“দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আজকে সরকারের অবস্থান দেশেও নাই, বিদেশেও নাই। আমরা সরকারের পতনের দাবিতে এক দফার আন্দোলনে আছি। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।”

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠ‌নিক সম্পাদক জালাল ‌উদ্দিন মজুমদার, হারুন অর র‌শিদ ভি‌পি, নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।