১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে সড়কের ওপর অচেনা যুবকের লাশ

আনুমানিক ২৮ বছর বয়সী এ যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

চট্টগ্রামে সড়কের ওপর অচেনা যুবকের লাশ
প্রতীকী ছবি

বিডিনিউজ২৪

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 04:21 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে পুলিশের ভাষ্য।

বুধবার দুপুরে উপজেলার চরলক্ষা ইউনিয়নের ৬ নম্বর গোয়ালপাড়া ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ২৮ বছর বয়সী এ যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি।

“যুবকটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার ডান হাতে বিদ্যুৎস্পৃস্টের কারণে জখমের চিহ্ন আছে। আর সড়কের পাশে বিদ্যুতের একটি ছেঁড়া তার ছিল।”

ওসির ধারণা, বৃষ্টিতে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারটি ধরার কারণে বিদ্যুতায়িত হয়ে যুবকটির মৃত্যু হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

স্থানীয়ভাবে জানা যায়, আনুমানিক সকাল ১০টা থেকে যুবকের লাশটি সড়কের উপর পড়ে ছিল। এসময় প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল এবং বেলা ১২টার পর স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে।