Published : 21 Feb 2025, 04:57 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে ভেসে আসা এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে গুলিয়াখালি সৈকত থেকে ৩৮ বছর বয়সী রাম জলদাসের লাশ উদ্ধার করা হয়েছে বলে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওয়ালী উদ্দিন আকবর জানিয়েছেন।
জলদাসের বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ জেলেপাড়ায়; তিনি কয়েকদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন সাগরে মাছ ধরার জন্য।
সন্দ্বীপ চ্যানেলে ‘বাল্কহেডের শ্রমিকরা’ জলদাসের মাথায় আঘাত করে তাকে সাগরে ফেলে দিয়েছিল অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। তখন থেকেই জলদাস নিখোঁজ ছিলেন।
ফাঁড়ির পরিদর্শক আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, জোয়ারের পানিতে লাশ ভেসে আসার পর স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহ জলদাসের বলে শনাক্ত করেছে।
পরিদর্শক আকবর বলেন, “জলদাস গত ১৭ ফেব্রুয়ারি তার ভাই লিটন জলদাসকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। এ সময় একটি বাল্কহেডের প্রপেলারে জাল পেঁচানো নিয়ে শ্রমিকদের সাথে তাদের বিতণ্ডা হয়। শ্রমিকরা রাম জলদাসকে মাথায় আঘাত করলে সে পানিতে পরে যায় এবং তার ছোট ভাই লিটনকে বাল্কহেডে করে নিয়ে যায়।
“পরে নৌ পুলিশ নলছিড়া ফাঁড়ির সহযোগিতায় হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকে বাল্কহেডসহ ছয় শ্রমিককে আটক করে বাল্কহেডটি জব্দ করেছে।লিটন জলদাসও পুলিশ উদ্ধার করেছে।"
এ ঘটনায় জলদাসের স্ত্রী সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছে বলেও জানিয়েছেন আকবর।