১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবসে চট্টগ্রামে দৌড় প্রতিযোগিতা, অংশ নেবেন ১১০০ জন

বাংলাদেশ ছাড়াও এ আয়োজনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিযোগী থাকবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 10:44 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

বিশ্ব পরিবেশ দিবস ঘিরে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ কিলোমিটার পথের দৌড় প্রতিযোগিতা ‘স্যাম বন্ড-সিআর টেনকে ২০২৬’। 

দেশি-বিদেশি ১ হাজার ১০০ দৌড়বিদের অংশগ্রহণে আগামী শুক্রবার সকাল পৌনে ৬টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে; দৌড় শুরু হবে নগরীর সিআরবি শিরীষতলা থেকে।

বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে আয়োজক সংগঠন ‘চট্টলা রানারস’।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি বলেন, বাংলাদেশ ছাড়াও এবারের আয়োজনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন ও জাপানের দৌড়বিদরা নেবেন।

চট্টলা রানারসের উপদেষ্টা প্রদীপ কুমার দেব বলেন, “কেবল প্রতিযোগিতা নয়, সুস্থ জীবনধারা ও নিয়মিত শরীরচর্চার সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ। তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের দৌড় প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা এর লক্ষ্য।”

এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ‘স্যাম বন্ড’ (সামুদা স্পেক-কেম লিমিটেড)। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।