১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পলাতক ১৯ নাবিককে গ্রেপ্তারে পরোয়ানা

বিভিন্ন সময় ১৩টি জাহাজে করে বিদেশের বন্দরে পৌঁছে এ নাবিকরা আর জাহাজে ফেরেননি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 09:46 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

বিভিন্ন সময় বিদেশে গিয়ে জাহাজ থেকে পালিয়ে যাওয়া ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

শুক্রবার নৌ পরিবহন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন সময় বিদেশে গিয়ে নাবিকরা না ফেরায় দেশের ভাবমূর্তির জন্য তা ক্ষতিকর হচ্ছিল। নতুন নাবিক নিয়োগেও সমস্যা হচ্ছিল।

“প্রথম ধাপে ১৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। পরে এরকম আরো যারা আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

অধিদপ্তরের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পলাতক এই ১৯ নাবিকের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা কাছাকাছি থানায় বা নৌপরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। 

তাদের নাম ও ঠিকানা প্রকাশ করে বলা হয়েছে, ১৩টি জাহাজে করে বিভিন্ন সময়ে বিদেশের বন্দরে পৌঁছে এ নাবিকরা আর সেসব জাহাজে ফেরেননি। 

এসব জাহাজের মধ্যে তিনটি বাংলাদেশি পতাকাবাহী। বাকি ১০টি  বিদেশি পতাকাবাহী। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ একসঙ্গে চারজন পালিয়েছেন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ মেঘনা অ্যাডভেঞ্চার থেকে।

নাবিকদের মধ্যে চট্টগ্রাম ও নোয়াখালীর পাঁচজন করে এবং ফেনীর দুজন আছেন। এছাড়া নাটোর, দিনাজপুর, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণা ও জামালপুর জেলার বাসিন্দা নাবিকরা আছেন।