১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় নিরাপত্তার মত বিষয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কাজ নয়: চট্টগ্রাম বিএনপি

"কেবলমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে,” বলা হয় বিবৃতিতে।

জাতীয় নিরাপত্তার মত বিষয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কাজ নয়: চট্টগ্রাম বিএনপি
ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2025, 01:36 AM

Updated : 26 Aug 2026, 12:46 PM

জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে একমাত্র নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নিতে পারে দাবি করে চট্টগ্রাম মহানগর বিএনপি বলেছে, এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়। 

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বয়াক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমন দাবি করেন।

বিবৃতিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত বিষয়ে বলা হয়, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার অন্তবর্র্তী সরকারের নেই। কেবলমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিন্ড। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এ ধরনের স্পর্শকাতর স্থাপনা পরিচালনার ভার বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত একটি অর্ন্তবর্তী সরকার কোনভাবেই নিতে পারে না।

‘‘কেননা এতে জাতীয় স্বার্থের পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত এবং এ সিদ্ধান্ত কেবল জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক সরকারই নিতে পারে।‘‘

দেশে চলমান ‘মব জাস্টিস’ নিয়ে বিবৃতিতে বলা হয়, “মব জাস্টিসের নামে মহল বিশেষের ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টা কোনভাবেই আর সহ্য করা হবে না। 

“দেশে আইন-আদালত থাকা সত্ত্বেও আইন নিজের হাতে তুলে নিয়ে দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও জনমনে আতংক সৃষ্টির প্রয়াস বিএনপি রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিহত করবে।”