Published : 22 Feb 2025, 09:36 PM
চট্টগ্রামের বোয়ালাখালী উপজেলার টি কে রোড এলাকায় জ্যাকেট তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কালুরঘাট সেতুর দক্ষিণ প্রান্তে বোয়ালখালী অংশে এভালন ফ্যাশন নামের সে জ্যাকেট কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভেনি। আগুনে কেউ হতাহত হয়নি। শ্রমিকরা সবাই নিরাপদে বের হতে পেরেছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চারতলা কারখানা ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয় বলেছেন কারখানার কাটিং সেকশনের কর্মী আবু সৈয়দ।
ফায়ার সার্ভিস বলেছে, আগুনের খবর পেয়ে শুরুতে বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
শ্রমিকরা বলেছেন, ওই ভবনের নিচতলায় কাটিং, দ্বিতীয় ও তৃতীয় তলায় সুইং এবং চতুর্থ তলায় আয়রনের কাজ হত। কারখানায় কাজ করেন ৪০০ শ্রমিক। আগুন লাগার সময় চতুর্থ তলায় ৫-৬ জন কাজ করছিল।