১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাকসু নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে লড়বে ছাত্রশিবির

এ প্যানেল থেকে ভিপি পদে ইব্রাহীম হোসেন রনি এবং জিএস পদে লড়বেন সাঈদ বিন হাবিব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 07:06 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার বিকালে ক্যাম্পাসের জারুল তলায় সংবাদ সম্মেলন করে এ প্যানেলের ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় মানবকল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম।

‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী করা হয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম হোসেন রনিকে।

আর সাধারণ সম্পাদক বা জিএস পদে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে শাহজালাল হল শিবিরের সভাপতি ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্নার নাম ঘোষণা করা হয়েছে।

প্যানেল ঘোষণার সময় সাইদুর রহমান বলেন, “সার্বিক দিক বিবেচনায় রেখে ডাকসু, জাকসু ও রাকসুতে ২৪ এর আন্দোলনের যে স্পিরিট, সেই ঐক্যের বার্তা আমরা দিয়েছি। আমাদের প্যানেলে ভিন্ন ধর্মাবলম্বীদের মত শারিরীকভাবে অক্ষম ব্যক্তিদেরও রাখা হয়েছে।”

বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মোহাম্মদ আলী সংবাদ সম্মেলনে বলেন, সংগঠনের দায়িত্বশীলদের পাশাপাশি অন্যান্য জায়গায় যারা ভালো কাজ করেন তাদের এ প্যানেলে রাখা হয়েছে। 

শিবিরের এ প্যানেলে নির্বাহী সদস্য পদে সমাজতত্ত্ব বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ দাশ এবং সহ দপ্তর, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদকসহ চারটি সম্পাদকীয় পদে এবং  একটি নির্বাহী সম্পাদক পদে পাঁচ জন নারী প্রার্থী রয়েছেন। 

অন্যান্য পদের প্রার্থীরা

খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোহাম্মদ শাওন

সহ খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: শাহ পরান মারুফ 

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: বিশ্ববিদ্যালয় শিবিরের সাংস্কৃতিক সম্পাদক হারেজুল ইসলাম

সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: জিহাদ হোসাইন

দপ্তর সম্পাদক: চবি শিবিরের সহ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান

সহ-দপ্তর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত

ছাত্রী কল্যাণ সম্পাদক: ইসলামী ছাত্রী সংস্থার সাধারণ সম্পাদক নাহিমা আক্তার দীপা 

সহ ছাত্রী কল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদৌস রিতা

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: চবি শিবিরের আইন বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান

গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন

সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান

স্বাস্থ্য সম্পাদক: আফনান হাসান ইমরান

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: চবি শিবিরের শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ

ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: শহীদ আবদুর রব হল শিবিরের সভাপতি মেহেদী হাসান সোহান

যোগাযোগ ও আবাসন সম্পাদক: চবি শিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভূঁইয়া

সহ যোগাযোগ ও আবাসন সম্পাদক: ওবায়দুল সালমান

আইন ও মানবাধিকার সম্পাদক: তাওহিদ রাব্বী

পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ

সদস্য পদে ছয়জন: ছাত্রী সংস্থার ছাত্রী কল্যান বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরিফ

আগামী ১২ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বৃহস্পতিবার পর্যন্ত।

বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত চাকসু ২৬টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫২৮ জন। আর ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নামের শেষাংশে ‘শিক্ষার্থী জোট’ শব্দবন্ধ রয়েছে। ইতোমধ্যে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে তারা অংশগ্রহণ করেছে। 

এ দুই শিক্ষা প্রতিষ্ঠানেই বেশিরভাগ পদে জয় পেয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে লড়াই করছে ছাত্রশিবির।