Published : 20 Jan 2026, 08:00 PM
চট্গ্রামের জঙ্গল ছলিমপুরকে অবৈধ দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান।
মঙ্গলবার নগরীর পতেঙ্গায় র্যাব-৭ এর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসে তিনি এ কথা বলেন।
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি ওই এলাকায় সোমবার অভিযানে গিয়ে হামলায় নিহত র্যাব ৭ এর সদস্য নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজার অংশ নিতে চট্টগ্রামে এসেছিলেন র্যাবের প্রধান।
বিভিন্ন সময়ে জঙ্গল ছলিমপুরে স্থানীয় ‘সন্ত্রাসীদের’ হাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার শিকার হয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এবার চেষ্টা করব আমাদের দেশে আইনশৃঙ্খলার যতগুলো বাহিনী আছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন, জেলা পুলিশ সবাই মিলে (অভিযান হবে)।
“ইতোমধ্যে আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। যেখানে সন্ত্রাসীদের অভয়াশ্রম তৈরি হয়েছে এ জায়গাগুলো যদি সরকারি জায়গা হয় সরকার যেন তার জায়গাগুলো উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করে। সেখানে যত সময় লাগে যত দিন লাগে এ সন্ত্রাসীদের অভয়াশ্রম সেটাকে আমরা নির্মূল করব। সেজন্য আমরা যত প্রক্রিয়া লাগবে যা কিছু লাগে লাগুক।”
তার ভাষ্য, “তারা কোনভাবে রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না। সন্ত্রাসীদের এ অভয়াশ্রম আমরা নির্মূল করব।”
র্যাবের মহাপরিচালক বলেন, “এ জঙ্গল ছলিমপুর সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে।এটি আমরা খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করছে, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আছে তাদেরকে আমরা নির্মূল করব এবং এ আস্তানা গুঁড়িয়ে দেব। আপনাদের কাছে আমরা সহযোহিতা চাই।”
সোমবার বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে অভিযানে গিয়ে হামলায় নিহত হয় র্যাব-৭ এর উপসহকারী পরিচালক নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া। আহত অবস্থায় আরও তিনজন চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ঘটনার বিষয়ে রাতে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এর তরফে বলা হয়, বিকাল সোয়া ৪টার দিকে জঙ্গল ছলিমপুর এলাকায় ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হয়।
"এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।"
এদিকে মঙ্গলবার সকালে নায়েক সুবেদার মোতালেবের ময়নাতদন্ত শেষে দুপুরে র্যাব-৭ প্রধান কার্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে র্যাব প্রধানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।
জঙ্গল ছলিমপুরের মত অপরাধপ্রবণ এলাকায় কম সংখ্যক সদস্য নিয়ে র্যাবের এ অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশের বিশেষ এ ইউনিটের প্রধান শহীদুর রহমান বলেন, “আমাদের জনবল একেবারে কম ছিল না। ৫০ জনের মত ছিল। ওখানে অপারেশন সফল হবে এ ধারণার বশবর্তী হয়ে এ অভিযান পরিচালনা করি।”
সোমবারের ঘটনায় র্যাবের কোনো ত্রুটি ছিল কিনা তা জানতে তদন্ত কমিটি গঠনের তথ্য দিয়ে তিনি বলেন, “দেখব এ অভিযানে কোন ভুল ত্রুটি ছিল কিনা। যদি কোন ভুল ক্রটি পাই তাহলে আমরা সংশোধন করব।
“এক্ষেত্রে আমাদের অধিকার ছিল সন্ত্রাসীদের গুলি করা, কিন্তু আমরা তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনায় সেখানে আরও ক্যাজুয়ালিটির আশঙ্খা ছিল। আমাদের সদস্যরা সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণও আহত-নিহত হত সে কারণে হয়ত গুলি করেনি।”
এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন থাকার কথা জানিয়ে তিনি বলেন, “এজন্য যারা দায়ি তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। তাদেরকে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যেকোন মূল্যে।
“এ বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন পুরো বিষয়টা মনিটর করবে।”
নিহত মোতালেবের পরিবারের দায়িত্ব নেবে র্যাব
র্যাবপ্রধান সাংবাদিকদের বলেন, নিহত মোতালেবের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার স্ত্রী স্বামী হারিয়েছে, সন্তানরা বাবা হারিয়েছে। আমরা হয়ত তাকে এনে দিতে পারব না। তবে আমরা নিশ্চিত করতে চাই এ পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম যাতে মোতালেবের পরিবার তার অবর্তমানে যে কষ্ট সেটা যাতে তারা মোকাবেল না করে।
র্যাবের অস্ত্রও ছিনিয়ে নিয়েছিল সন্ত্রাসীরা
চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রাসেল সকালে সাংবাদিকদের বলেন, সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সোমবার বিকালে সেখানে অভিযানে যায়। এসময় সন্ত্রাসীরা তাদের কয়েকজনকে ধরে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং ছিনিয়ে নেয়া অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ভিডিও দেখে হামলার সঙ্গে সম্পৃক্তদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা বলেন, জঙ্গল ছলিমপুরে স্থানীয় লোকজনের চেয়ে বহিরাগতদের আধিক্য বেশি। তারা সেখানে বিক্ষিপ্তভাবে বসবাস করে থাকে। এলাকাটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে যৌথবাহিনীর অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
জঙ্গল ছলিমপুরে র্যাবের ওপর হামলা 'মাইকে ঘোষণা দিয়ে'
জঙ্গল ছলিমপুরে 'অভিযানের সময় হামলা', র্যাব সদস্য নিহত