Published : 02 Nov 2025, 12:15 PM
শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাৎ ও তহবিলের টাকা তছরুপের অভিযোগে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ ও সাবেক উপাচার্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ পরিচালক সুবেল আহমেদ জানান, সাউদার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সরোয়ার জাহান এবং সাবেক উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলাটি করা হয়।
দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ এবং ১৯৪৭ এর দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে বলে জানান তিনি।
মামলার বিবরণী অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হিসাবে ২০১০ সালের ৩০ জুন থেকে ২০২৪ সালের ২২ জুন পর্যন্ত শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা বাবদ ছয় কোটি তিন লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা জমা হয়েছে। কিন্তু সেই অর্থ কোষাধ্যক্ষ সরোয়ার জাহান বিভিন্ন সময়ে উত্তোলন করলেও কোন খাতে তা ব্যয় করেছেন তার কোনো তথ্য দিতে পারেননি।
এছাড়া সরোয়ার জাহান ব্যাংক এশিয়ার অধীনে ‘এজেন্ট সাউদার্ন ইউনিভার্সিটি’ নামে একটি এজেন্ট ব্যাংক পরিচালনা করেন। কিন্তু সেখানে থেকে কোনো কমিশন বিশ্ববিদ্যালয় তহবিলে জমা না করে উল্টো ২০২১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মচারীর বেতন বাবদ ৮৮ হাজার ৭৩৮ টাকা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি সাধন করেছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, কোষাধ্যক্ষ সরোয়ার জাহান ও সাবেক উপাচার্য মোজাম্মেল হকের স্বাক্ষরে চেকের মাধ্যমে এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংকের হিসাব থেকে ইলিয়াছ নামে এক ব্যক্তিকে ২৮ লাখ আট হাজার ৯৯০ টাকা ঋণ পরিশোধ দেখিয়ে উত্তোলন করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় ঋণ নেওয়ার বিষয়ে কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি।
[দুদকের মামলার এজাহারের ভিত্তিতে এই প্রতিবেদনে আসামি হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার অধ্যাপক মোজাম্মেল হকের নাম লেখা হয়েছিল। দুদক পরে জানায়, এ মামলার আসামি সাবেক উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক, সাবেক রেজিস্ট্রার অধ্যাপক মোজাম্মেল হক নন। সে অনুযায়ী প্রতিবেদনটি সংশোধন করে নেওয়া হল।]