Published : 07 Apr 2026, 07:22 PM
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় নর্দমায় বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বিকালে বিস্ফোরণের পর ঘটনাস্থলে যায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-কেজিডিসিএলের একটি কারিগরি দল।
দলটির এক সদস্য বলেছেন, কদমতলী মোড়ে ফুটপাথের নিচ দিয়ে গ্যাসের লাইন ছিল। সেখানে একটি লাইনে ‘লিকেজ’ ছিল। সেই গ্যাস বের হতে না পারায় বিষ্ফোরণ ঘটেছে বলে তিনি মনে করছেন।
স্থানীয় লোকজন বলেন, বিকাল সোয়া ৪টার দিকে কদমতলী মোড়ে বিকট শব্দে ফুটপাতের ওপর থাকা স্ল্যাব ভেঙে যায়। আর বাসস্ট্যান্ড পর্যন্ত কয়েকশ ফুট স্ল্যাবে ফাটল ধরে।
বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মুদি দোকানের কর্মী মো. সাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি দোকানে বসে ছিলাম। এসময় হঠাৎ শব্দে আশপাশ কেঁপে উঠে এবং দোকানের সামনে স্ল্যাবে ফাটল ধরে।
এদিকে কদমতলী মোড়ে কয়েকজন ব্যক্তি বলেছেন, তারা সেখানে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দে স্ল্যাব ভেঙে যায়। তাতে পাথর ছিটকে কয়েকজনের পায়ে লেগে সামান্য আহত হয়েছেন।
ঘটনা পরপর পুলিশ, সিটি করপোরেশন ও কেজিডিসিএলের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদরঘাট থানার এসআই হিরক সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষ্ফোরণের শব্দ শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। স্ল্যাবে ফাটল দেখা গেলেও কেউ আহত হয়নি। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”