১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান ধরে রাখার আহ্বান নৌ প্রতিমন্ত্রীর

তিনি বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশন ছয়টি জাহাজ সংগ্রহ করেছে, আরও জাহাজ সংগ্রহের কাজ চলমান আছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:43 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত সাফল্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, পায়রা বন্দর নির্মাণ হচ্ছে, চট্টগ্রাম ও মংলা বন্দরের উন্নয়ন হচ্ছে। এছাড়া চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণ কাজ শুরু হবে শিগগিরই। 

তিনি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) সি-ক্যাটাগরির সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশন ছয়টি জাহাজ সংগ্রহ করেছে, আরও জাহাজ সংগ্রহের কাজ চলমান আছে। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগত মান আন্তর্জাতিক নৌ সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সি কর্তৃক স্বীকৃত। এর গুণগত মান অব্যাহত রাথতে হবে।”

চট্টগ্রামের পর মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে এবং নতুন করে দিনাজপুর, কুড়িগ্রাম, রাজশাহী ও মেহেরপুরে চারটি মেরিটাইম ইনস্টিটিউট স্থাপনের কর্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। 

এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যেও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, স্পেশাল ব্যাচে ১৭৭ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ নিয়েছেন।