Published : 14 Aug 2025, 10:56 PM
চট্টগ্রামে ব্যাটারি রিকশাচালকদের পুলিশ বক্স ভাংচুর ও বিক্ষোভের পর খুলশী থানার ওসি আফতাব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ তাকে পুলিশ লাইন্সে সংযুক্তির আদেশ দেন।
এ থানায় ওসির দায়িত্বে আসার সাড়ে চার মাসের মাথায় সরে যেতে হল তাকে।
চট্টগ্রামের জালালাবাদ থেকে আমবাগান এলাকা পর্যন্ত এলাকায় বুধবার ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অতিরিক্ত ফোর্স নিয়ে অভিযান চালায় খুলশী থানা ও ট্রাফিক উত্তর বিভাগ। এরমধ্যে রাতে খুলশী রেল লাইনে ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর করেন বিক্ষুদ্ধ চালকরা।
বিক্ষুদ্ধ চালকরা বৃহস্পতিবার সিটি করপোশেন কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।
সিএমপির একাধিক কর্মকর্তা বলেন, বুধবার পুলিশ বক্স ভাংচুর করা হলেও জড়িতদের বিরুদ্ধে তেমন কোনো জোড়ালো অভিযান পরিচালনা করা হয়নি। এ কারণে তারা বৃহস্পতিবার পুনরায় বিক্ষোভ করেন। এ কারণে ওসি আফতাবকে প্রত্যাহার করা হয়।
গত ৩ এপ্রিল খুলশী কুসুমবাগ এলাকায় ছাত্রদল ও বিএনপি কর্মীদের সংঘর্ষে একজন যুবদল কর্মী খুন হন। ওইদিন খুলশী থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেনকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছিল।
চট্টগ্রামে ব্যাটারির রিকশা বন্ধে অভিযান, পুলিশ বক্সে চালকদের হামলা