Published : 23 Jan 2026, 03:47 PM
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে মঞ্চস্থ হচ্ছে নতুন নাটক ‘বেচারাম কেনারাম’।
এতে অভিনয় করছে নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ‘ফেইম’ এর শিশুনাট্য বিভাগ।
বিজ্ঞপ্তিতে ‘ফেইম’ বলছে, নাটকটির নব নাট্যায়ন করেছেন অসীম দাশ ও দীপ্ত চক্রবর্তী। পরিকল্পনা ও নির্দেশনায় দিয়েছেন দীপ্ত চক্রবর্তী।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এবং শনিবার বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চে আসছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নাট্যকার অসীম দাশ।
নতুন বছরে ‘ফেইম’ (স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক) এর প্রথম আয়োজনটি নিয়ে আসছে প্রতিষ্ঠানটির শিশুনাট্য বিভাগ।

সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে ‘বেচারাম কেনারাম’। এই গল্পে দেখা যায়, দীর্ঘদিন কাজ করেও বেতন পায় না কেনারাম। নানা টালবাহানায় বেতন দিতে গড়িমসি করে তার মালিক বেচারাম। একদিন টানা তিন বছরের বেতন হাতে পেয়ে পথে বেরিয়ে পড়ে কেনারাম।
পথ চলতে চলতে কেনারাম পায় এক আশ্চর্য বেহালা। সেই বেহালার সুরে একের পর এক ঘটতে থাকে অদ্ভুত আর মজার সব কাণ্ড। উন্মোচিত হতে থাকে সমাজের ভণ্ডামি ও ক্ষমতার নানা দ্বিচারিতা। এসব নিয়ে এই নাটক।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে অর্চি অনিন্দিতা, আরিয়ানা হক, আনা আভেরি পত্রলেখা, আদিত্য নন্দী, অরিত্র ঘোষ, শারদ প্রত্যুষ বল, প্রাণায়াম দত্ত, শীর্ষদ্বীপ বিশ্বাস, আদৃশা চৌধুরী, রাদওয়া হক, আয়ান ইব্রাহীম হক, প্রেক্ষা দাশ, দৃষ্টি চক্রবর্তী, দেবলীনা দাশ ও কৌস্তভ চন্দ।
‘ফেইম’ বলছে, শিশু-কিশোরদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক দর্শকদের কাছেও নাটকটি নতুন ভাবনার খোরাক জোগাবে বলে ।
নাটকের টিকেটের দাম রাখা হয়েছে দুইশ টাকা। অগ্রিম টিকেট মিলবে এই ঠিকানায়- https://forms.gle/vZi2E3M7e14EqLjb8।