১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ‘সন্ত্রাসীকে’ ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৬

সম্প্রতি পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় তিনি জড়িত ছিলেন, বলেন খুলশী থানার ওসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 05:29 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত এক ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

এ ঘটনায় খুলশী থানার ওসিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার ভোরে খুলশী থানা এলাকার ওয়ারলেস-আমবাগান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ওয়াকিল হোসেন ওরফে বগা নামে খুলশী এলাকার এ ‘সন্ত্রাসীর’ বিরুদ্ধে জায়গা দখল, মারামারিসহ বিভিন্ন অভিযোগে খুলশী থানায় একাধিক মামলা আছে। 

তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বান হিসেবে পরিচয় দেন। এলাকায় তার বিভিন্ন ধরনের পোস্টার চোখে পড়ে।

ওয়াকিল হোসেন বগার পোস্টার।

ওয়াকিল হোসেন বগার পোস্টার।

খুলশী থানার ওসি আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় তিনি জড়িত ছিলেন। 

“ওয়ারলেস কলোনিতে বগা তার বাসায় অবস্থান করছেন, এ খবর পেয়ে ভোরে পুলিশ সেখানে অভিযানে যায়। এসময় সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় তার অনুসারীরা।” 

ওসি বলেন, “তাদের নিক্ষেপ করা ইটপাটকেলে আমার গাড়ির কাঁচ ভেঙেছে এবং পাথর নিক্ষেপে আমিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।” 

হামলাকারীদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে জানিয়ে ওসি বলেন, “আমরা বগার ঘরে গিয়ে তাকে পাইনি। পুলিশ যাওয়ার খবর শুনে তিনি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।” 

জানা যায়, পাহাড়তলী কলেজের অভ্যন্তরীন বিষয় নিয়ে অধ্যক্ষের সঙ্গে কিছু শিক্ষকের বিরোধ হয়। অধ্যক্ষের ‘অনিয়ম-দুর্নীতি’ নিয়ে একটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর মিজানুর রহমান নামে কলেজের এক প্রভাষককে তুলে নিয়ে মারধর করার অভিযোগ ওঠে বগার বিরুদ্ধে। 

ওয়াকিল হোসেন বগার পোস্টার।

ওয়াকিল হোসেন বগার পোস্টার।

মিজানুর রহমানের অভিযোগ, কলেজের ‘অনিয়ম-দুর্নীতি’ নিয়ে গত ২৮ অগাস্ট যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। যেখানে কলেজ অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছিলেন। 

তিনি বলেন, সংবাদ প্রকাশের দিন বিকালে কয়েকজন যুবক গিয়ে তাকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় বগার কাছে। এসময় বগা ভিডিও কলে কলেজ অধ্যক্ষের সঙ্গে কথা বলেন এবং কলে রেখেই তাকে লোহার রড দিয়ে পেঠাতে থাকেন। সংবাদের প্রতিবাদ দিতে বলেন। 

এক পর্যায়ে বগা তার কাছ থেকে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন বলেও অভিযোগ করেন মিজানুর। 

এ ঘটনায় কলেজ শিক্ষক মিজানুর পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, ওয়াকিল হোসেন বগাসহ সাত জনের নামে মামলা করেছেন।