Published : 27 Jan 2026, 04:42 PM
দেশের জনগণের ওপর যাদের কোনো আস্থা নেই তারা বিদেশি রাষ্ট্রের উপরে নির্ভরশীল হয়ে, দেশের ভেতরে রাজনীতি করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার সকালে নগরীর নালাপাড়া এলাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে জনসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় একটি রাজনৈতিক দলের প্রতি অভিযোগ আনলেও দলটির নাম নেননি আমীর খসরু।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু বলেন, “এখন বিদেশের কোন দেশ আপনার সাথে আছে, সেটার ওপর যাদের (রাজনৈতিক দল) নির্ভরশীলতা, তার অর্থ কী আপনারা বুঝে নেন।
“অর্থাৎ বাংলাদেশের জনগণের ওপর তাদের কোন আস্থা নেই। জনগণেরও তাদের ওপর আস্থা নাই। তারা অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে চাচ্ছে।”
সেই দলের প্রতি জনআস্থা থাকবে কী না প্রশ্ন তুলে আমীর খসরু বলেন, “সেটা কি কখনো কাজ করেছে? বাংলাদেশের মানুষ স্বাধীন, মুক্তকামী। স্বাধীন একটা জাতি হিসেবে আমরা সবসময় গর্ব করি। সেইখানে যদি কেউ বিদেশিদের ওপর নির্ভর করে বাংলাদেশের ভেতর রাজনীতি করতে চায় তাদের কি এখানে জায়গা থাকবে বলে মনে হয় আপনাদের?”
গত রোববার বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সুলতান আহমেদ বলেন, “পৃথিবীর কোনো দেশে আমেরিকা চায় না ইসলামী দলের নেতৃত্বে সরকার গঠিত হোক। তবে বাংলাদেশে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এবার সেই আমেরিকাও জামায়াতে ইসলামীর ওপর নির্ভর করে অগ্রসর হচ্ছে।”
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
আমীর খসরু এদিন নগরীর পূর্ব মাদারবাড়ি, উত্তর নালাপাড়া, দক্ষিণ নালাপাড়াসহ আশেপাশের এলাকায় মঙ্গলবার গণসংযোগ করেন।