১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পতেঙ্গা উপকূলে ভেসে আসা ২ লাশ উদ্ধার

পরিচয় জানার পরই বলা যাবে তারা ডুবে যাওয়া ট্রলারের জেলে কিনা, বলেন নৌ পুলিশের সদরঘাট থানার ওসি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 08:18 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে আটজন জেলে নিখোঁজ হওয়ার দুদিন পর পতেঙ্গার অদূরে দুটি লাশ ভেসে এসেছে। 

শনিবার বিকালে ভেসে আসা লাশ দুটি উদ্ধারের কাজ শুরুর তথ্য দিয়ে নৌ পুলিশের সদরঘাট থানার ওসি মো. আরিফ বলেনি, পরিচয় জানার পরই বলা যাবে তারা ওই ট্রলারে থাকা জেলে কিনা। 

তিনি বলেন, বিকালে পতেঙ্গায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটের অদূরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। এরপর কাছাকাছি এলাকায় আরেকটি লাশ দেখার খবর মিলেছে।

“আমাদের একটি দল সেখানে গিয়েছে। সুরতহালের পর পরিচয় নিশ্চিত হওয়া যাবে। নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারাও উদ্ধারের স্থানে যাচ্ছেন। পরিচয় নিশ্চিত হওয়ার পরই বলতে পারব তারা ওই ট্রলার থেকে নিখোঁজ হওয়া ব্যক্তি কিনা।” 

এর আগে বৃহস্পতিবার দুপুরে একটি জাহাজের ধাক্কায় অনিকা নামের মাছ ধরার ট্রলারটি বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলের কাছে সাগরে ডুবে যায়। ট্রলারটি সাগরে মাছ ধরতে সেদিন কর্ণফুলী নদীর ফিশারিঘাট থেকে রওনা হয়েছিল। 

ওই ট্রলারে ১৯ জন জেলে ছিলেন। সাগরে অন্য নৌযানের সঙ্গে ধাক্কা লাগার পর ট্রলারের ১১ জেলেকে অদূরে থাকা অন্য একটি ট্রলারের লোকজন উদ্ধার করে। 

বৃহস্পতিবার ট্রলার ডোবার ঘটনা ঘটলে শুক্রবার সকালে বিষয়টি কোস্টগার্ডকে জানায় ট্রলারের মালিকপক্ষ। তখন জেলেদের খোঁজে সাগরে তল্লাশি শুরু করে কোস্টগার্ড। 

নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালী জেলার বাসিন্দা।

ট্রলার ডুবে সমুদ্রে ভাসতে থাকা ৫ জেলে উদ্ধার