Published : 02 Jan 2026, 02:26 PM
আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষের অধিকার ‘একজন বাংলাদেশি হিসেবে’ রক্ষা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তার কথায়, ‘ভবিষ্যতের বাংলাদেশ হবে রেইনবো নেশন’; এমন একটি দেশের স্বপ্ন খালেদা জিয়া দেখেছিলেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে নগরীর প্যারেড মাঠে ড. জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলছিলেন আমীর খসরু।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে- বাংলাদেশ হবে রেইনবো নেশন। সব রঙ মিলে রংধনু হয়েছে। সেই দেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।
“আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। এটা আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই।”
আমীর খসরু বলেন, এইই দেশ অনেক অশান্তির মধ্য দিয়ে অতিক্রম করেছে।
“আগামীতে আমরা সকলে মিলে একটি দেশ গড়তে চাই, যে দেশ প্রত্যেকটি মানুষের অধিকার হবে বাংলাদেশি হিসেবে।
“ড. জ্ঞানশ্রী মহাথেরো আজীবন যা করে গেছেন, তা আমরা অনুসরণ করতে পারিনি। আজকে সময় এসেছে সকলে মিলে এগুলো অনুসরণ ও ধারণ করার। উনার দর্শন আগামীর জাতি গঠনে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক জায়গায় থাকব বাংলাদেশে।”

তিনি বলেন, “আগামী দিনে কোন বৈষম্য সৃষ্টির কোন সুযোগ থাকবে না। আমরা সেটাকে ধারণ করে এগিয়ে যাচ্ছি। মৃত্যুঞ্জয়ী মহীয়সী দেশনেত্রী আজ আমাদের মধ্যে আর নেই। কিন্তু উনার চেতনা আমরা আজীবন ধারণ করব।”
অনুষ্ঠানে বিএনপি নেতা এবং চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বক্তব্য রাখেন।
বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ গুরু প্রয়াত অগ্র মহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ উপলক্ষে অষ্টপরিষ্কারসহ সংঘদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ বৌদ্ধ সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।
দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যা ৬টায় সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরোর দেহধাতু রাউজানের বিনাজুরী শ্মশান বিহারে নিয়ে যাওয়া হবে।
গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত জ্ঞানশ্রী মহাথেরো।