Published : 10 Sep 2026, 09:15 PM
চট্টগ্রামে এক ছাত্রদল নেতার বাসয় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এরপর ওই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
নগরীর বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গার কবি দোভাষ লেইনে বুধবার বিকালে ছাত্রদল নেতা আবু শাকিল সাগরের বাসা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ২ জনকে পুলিশ গ্রেপ্তার করলেও আবু শাকিল সাগর পালিয়ে যায়। তিনি বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
এদিকে ঘটনা প্রকাশ হওয়ার পর আবু শাকিল সাগরকে ছাত্রদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক তদন্ত করা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন নগর ছাত্রদলের সদস্য সচিব শফিফুল ইসলাম তুহিন।
সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন হলেন- নগরীর ফিরিঙ্গি বাজার এয়াকুব নগরের বাসিন্দা পুষ্পেন ব্যানার্জি এবং মীরসরাই উপজেলার কাটাছড়া গ্রামের বাসিন্দা শামসুল ইসলাম।
অভিযানের বিষয়ে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকালে মধ্যম গোসাইলডাঙ্গার কবি দোভাষ লেইনের মৃত আবু সৈয়দের বাড়িতে অভিযান চালান ডিবি সদস্যরা। তারা ক্রেতা বেশে পুষ্পেন ব্যানার্জি ও শামসুল আলমের কাছ থেকে বিদেশি মদ কিনতে চান। তারা দুজন পুলিশ সদস্যদের নিয়ে যায় আবু শাকিল সাগরের বাসার সামনে।
এ সময় আবু শাকিল সাগর ডিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরে সাগরের বাড়ির শয়ন কক্ষ থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।