ডেঙ্গু: চট্টগ্রামে এক দিনে বছরের সর্বোচ্চ ভর্তি
চট্টগ্রামে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪৬ জন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এই সময়ে কারও মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, নতুন আক্রান্তের এই সংখ্যা চলতি বছর জেলার এক দিনে ডেঙ্গু আক্রান্তের হিসাবে সর্বোচ্চ। এ নিয়ে চট্টগ্রামে অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গু রোগী শনাক্ত হলেন ৩৪১ জন।
নতুন আক্রান্ত ৮৬ জনের মধ্যে ৬২ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার। এর আগে রোববার ২৪ ঘণ্টার হিসেবে ৭০ জন আক্রান্তের খবর দিয়েছিল জেলা সিভিল সার্জনের কার্যালয়।
ডেঙ্গুতে অক্টোবর মাসে এ পর্যন্ত চট্টগ্রামে মৃত্যুর খবর পাওয়া যায়নি। আগের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১১ জনের।
জেলায় চলতি বছর এক মাসের হিসাবে সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯০৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সে হিসাবে দিনে শনাক্ত গড়ে ৩০ জন। আর অক্টোবরের প্রথম সাত দিনে আক্রান্ত হয়েছেন ৩৪১। সে হিসাবে দিনে শনাক্ত গড়ে ৪৯ জন।
এ বছর এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৬ জন। এর মধ্যে ১ হাজার ১৩৯ জনই নগরীর বাসিন্দা। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬ জনের। এর মধ্যে ১০ জনই নারী, চারজন পুরুষ এবং দুজন শিশু।
