Published : 07 Jul 2025, 09:39 PM
‘প্রতারণার মাধ্যমে’ ছেলের এইচএসসির ফলাফল জালিয়াতির মামলায় কারাগারে আটক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
এতে বলা হয়, নারায়ন চন্দ্র নাথ তার ছেলের পরীক্ষার ফলাফল জালিয়াতির মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। তিনি জামিন পাননি। এমন প্রেক্ষাপটে গত ১৭ জুন থেকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
শিক্ষাবোর্ডের বর্তমান সচিব অধ্যাপক এ কে এম শামছু উদ্দিন আজাদ বলেন, তিনি সাবেক সচিবের বরখান্ত হওয়ার কথা জেনেছেন। তবে এখনও চিঠি পাননি।
অধ্যাপক নারায়ন সর্বশেষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চল চট্টগ্রামের পরিচালক থাকা অবস্থায় ওএসডি হন। এর আগে তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন।
শিক্ষা বোর্ডের সচিব থাকাকালীন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় নগরীর একটি বেসরকারি কলেজ থেকে অংশ নেয় তার ছেলে নক্ষত্র দেবনাথ। পরে তার ছেলের জিপিএ-৫ প্রাপ্তি নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন শিক্ষক। এ নিয়ে আলোচনার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি করে।
কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে গত বছরের ২৪ অক্টোবর চট্টগ্রাম শিক্ষা বোর্ড নক্ষত্র দেবণাথের ফলাফল বাতিল করে।
তদন্ত কমিটি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পরামর্শও দেয়। এরপর নারায়নসহ চারজনের বিরুদ্ধে গত ২১ জানুয়ারি মামলা করেন শিক্ষা বোর্ডের বর্তমান সচিব অধ্যাপক এ কে এম শামছু উদ্দিন আজাদ।
ছেলের ফল জালিয়াতি: চট্টগ্রাম বোর্ডের সাবেক সচিব কারাগারে
ছেলের ফল জালিয়াতি: চট্টগ্রাম বোর্ডের সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা