১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ড্রেনে মিলল রাইফেলের গুলির ‘ফাঁকা অংশ’

“এগুলো কীভাবে ড্রেনে এসেছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি,” বলছেন ওসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 11:06 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

চট্টগ্রামে ড্রেনে রাইফেলের গুলির বিপুল পরিমাণ ‘ফাঁকা অংশ’ পাওয়ার কথা বলছে পুলিশ। 

মঙ্গলবার নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় এগুলো পাওয়া যায়। 

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে কয়েক টোকাই ড্রেনে লোহা কুড়ানোর সময় গুলির এসব ফাঁকা অংশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়।” 

‘ফাঁকা অংশের’ ব্যাখ্যায় ওসি বলেন, “গুলি ছোঁড়ার পর যে অংশটি বের হয়, মূলত সে অংশটি পাওয়া গেছে। এগুলো গুলি বা খোসা- এমন কিছু না।” 

এগুলো কীভাবে ড্রেনে এসেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে ওসি বলেন, “এগুলো আগেই ড্রেনে ফেলা হয়েছিল। অনেকগুলোতে মাটি লেগে গেছে। 

ওসি কামরুজ্জামানের ধারণা, এসব ফাঁকা অংশ কেউ খুঁজে এনেছিল। কোনো কাজে লাগাতে পারবে না বিধায় ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। 

উদ্ধার হওয়া ফাঁকা অংশের পরিমাণ এক হাজার ৭০০টি বলে জানান এক পুলিশ কর্মকর্তা।