১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে পাঞ্জাবিতে ভুয়া ‘ট্যাগ’, ১ লাখ টাকা দণ্ড

এ ছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 07:47 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

দেশিয় পাঞ্জাবির গায়ে ভারতীয় লিখে ‘ট্যাগ’ লাগিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে চট্টগ্রামের একটি পোশাক বিক্রি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার নগরীর টেরিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ‘রাজস্থান’ নামের এই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজস্থান নামের ওই প্রতিষ্ঠানে গিয়ে জানতে চাইলে তারা বিভিন্ন পোশাক ভারতীয় বলে দাবি করলেও ডকুমেন্ট দেখাতে পারেনি। 

“এছাড়া একটি পাঞ্জাবিতে ভারতীয় এবং বাংলাদেশি দুটো ট্যাগই লাগানো ছিল। ভারতীয় ট্যাগ লাগিয়ে ইচ্ছেমত বেশি দাম নেওয়ার জন্য এই কাজ করেছে বলে প্রমাণ পাওয়ায় তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।” 

এছাড়া পোশাকের পুরাতন স্টিকারের ওপর নতুন স্টিকার লাগিয়ে দাম বাড়ানোয় ‘খাজানা’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করার কথা বলেছেন অধিদপ্তরের কর্মকর্তা ফয়েজ উল্ল্যাহ।

এছাড়া কুদু নামক একটি প্রতিষ্ঠানকে মেয়াদ ছাড়া ইফতারসামগ্রী বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং প্রক্রিয়াকরণের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।