১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাকে মারধর করায় বাবাকে সন্তানদের মারধর, হাসপাতালে মৃত্যু

হাসপাতাল থেকে খবর পেয়ে লাশ হেফাজতে নেয় পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 06:44 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

চট্টগ্রামে সন্তানের মারধরে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাঁশখালী উপজেলার কোকদণ্ডী গ্রামে সোমবার রাতে মারধরের পর মো. শাহজাহান নামে সেই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয় বলে চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান জানিয়েছেন।

৫০ বছর বয়সি শাহজাহান কোকদণ্ডী গ্রামে মৃধা বাড়ির বাসিন্দা।

ঘটনার বর্ণনায় পুলিশ কর্মকর্তা মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে শাহজাহান রাতে স্ত্রীকে মারধর করেন। এসময় তার বড় ছেলে ও মেয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করে। 

“বাদানুবাদে ছেলেমেয়ে মিলে বাবাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে (মঙ্গলবার) দুপুরে তার মৃত্যু হয়।”

হাসপাতাল থেকে খবর পেয়ে লাশ হেফাজতে নেওয়ার কথা তুলে ধরে মাহমুদুল হাসান বলেন, তার ছেলেমেয়েকে আটকের চেষ্টা চলছে।