১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এইচএসসি পরীক্ষা: চট্টগ্রাম বোর্ডে প্রথম দিন অনুপস্থিত ১৩৪০

অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম জেলায় ৯৬৪, কক্সবাজারে ২০৯, রাঙামাটিতে ৮৫, খাগড়াছড়িতে ৭ ও বান্দরবানে ৭৫ জন আছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 06:05 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এক হাজারের বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। 

বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৩ হাজার ৮৬৩ জন। 

কিন্তু প্রথম দিন মোট ১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে তথ্য দিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী।

এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৯৬৪ জন, কক্সবাজারে ২০৯, রাঙামাটিতে ৮৫, খাগড়াছড়িতে ৭ ও বান্দরবানে ৭৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। কোথাও ‘কোনো অপ্রীতিকর কিছু’ শোনা যায়নি। 

চলতি বছর এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার ২৮৩টি কলেজ থেকে নতুন পুরাতন মিলে মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। 

এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১১ হাজার ২৫৫ জন ছাত্র ও ১২ হাজার ৬৪৮ জন ছাত্রীসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৯০৩ জন। মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৪৪ হাজার ২৩৮ জন, যার মধ্যে ১৬ হাজার ৩৪২ জন ছাত্র ও ২৭ হাজার ৮৯৬ জন ছাত্রী। 

এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৫৮৫ জন ছাত্র ও ১৫ হাজার ৯৫৪ জন ছাত্রীসহ মোট ৩১ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

পুরনো খবর

এইচএসসিতে বসছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী