১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় মৌমাছির কামড়ে ভ্যান চালকের মৃত্যু

শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 08:33 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির কামড়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন। 

নিহত আনিছুর রহমান (৪৫) দামুড়হুদা বাজারপাড়া এলাকার আবু গাইনের ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, সকালে কাজ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। পথে জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এক ঝাঁক মৌমাছি তাকে আক্রমণ করে। 

এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।