১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কবিতা-কথায় প্রয়াত ছড়াকার সুকুমার বড়ুয়াকে স্মরণ

“তার সাহিত্যকর্ম ও আদর্শ চিরকাল সাহিত্যপ্রেমীদের স্মৃতিতে বেঁচে থাকবে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 01:09 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়াকে স্মরণ করেছে চট্টগ্রামের কবি সাহিত্যিকরা।  

চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট গ্যালারী হলে শক্রবার এ স্মরণ সভার আয়োজন করে ‘বুড্ডিস্ট ইয়ুথ ফ্রেন্ডশিপ গ্রুপ, বাংলাদেশ’ নামে একটি সংগঠন। 

‘স্মৃতিতে–স্মরণে ছড়াকার সুকুমার বড়ুয়া’ শীর্ষক স্মরণসভায় আলোচকরা বাংলা শিশু সাহিত্যে সুকুমার বড়ুয়ার অনন্য অবদান, তার ছড়ার বৈশিষ্ট্য এবং মানবিক জীবনদর্শনের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, ছড়াকার সুকুমার বড়ুয়া বাংলা শিশু সাহিত্যে যে আলোকিত ধারা সৃষ্টি করে গেছেন, তা আগামী প্রজন্মকে ‘পথ দেখাবে’। তার সাহিত্যকর্ম ও আদর্শ চিরকাল সাহিত্যপ্রেমীদের ‘স্মৃতিতে বেঁচে থাকবে’।

সংগঠনটির স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান চারুউত্তম বড়ুয়ার সভাপতিত্বে ও শিবা চৌধুরীর সঞ্চালনায় স্মরণসভায় ছড়াকার সুকুমার বড়ুয়ার জীবন, সাহিত্যকর্ম ও আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, সাহিত্যিক ও নাট্যজন সঞ্জীব বড়ুয়া, কবি ও সাংবাদিক ওমর কায়সার, শিশু সাহিত্যিক ও লেখক সুজন বড়ুয়া, শিশু সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ এবং ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, প্রয়াত ছড়াকার সুকুমার বড়ুয়ার সন্তান অরুপ রতন বড়ুয়া।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি সুকুমার বড়ুয়ার কন্যা রঞ্জনা বড়ুয়া। এছাড়াও আবৃত্তিতে অংশ নেন বোধন আবৃত্তি পরিষদের ক্ষুদে শিল্পী অরিত্র চৌধুরী, অনুদ্বীপ নাথ ও শ্রেয়াস দাস। 

স্মরণসভা উপলক্ষে ছড়াকার সুকুমার বড়ুয়ার কর্মজীবন ও সৃষ্টিশীল সাহিত্যকর্ম নিয়ে শতদল বড়ুয়া টমাসের গ্রন্থনা ও সম্পাদনায় প্রকাশিত হয় বিশেষ ক্রোড়পত্র “বিরাজ সত্য সুন্দর: স্মৃতিতে–স্মরণে সুকুমার বড়ুয়া”