বাংলাদেশে শুভেচ্ছা সফরে ভারতের যুদ্ধজাহাজ ‘সুনয়না’
সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি, জাহাজসহ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন।
বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’।
বাংলাদেশ নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘আলী হায়দার’ এটিকে অভ্যর্থনা জানায়।
‘আইএনএস সুনয়না’ চট্টগ্রাম বন্দরে এলে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।
বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা জাহাজটিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক এবং ভারতীয় হাই কমিশনের নেভাল অ্যাডভাইজারসহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিট কমান্ডার, ডকইয়ার্ড এরিয়া সুপারিন্টেন্ডেন্ট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরসূচির অংশ হিসেবে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি, জাহাজসহ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন।
এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। সেইসঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছে নৌবাহিনী।
সফর শেষে ভারতীয় জাহাজটি রোববার বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
