১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: দাঁড়িপাল্লার প্রচারে থাকা অটোচালকের ৫ দিনের কারাদণ্ড

অটোরিকশার সামনে আগুন জ্বালিয়ে ভিডিও করছিলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 01:19 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

নির্বাচনি প্রচারের অটোরিকশার সামনে আগুন ধরিয়ে ভিডিও করায় চট্টগ্রামের সন্দ্বীপে এক চালককে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার রাতে উপজেলার মগধরা ৪ নম্বর ওয়ার্ডে তফসির আলম (২০) নামের চালককে সাজা দেওয়া হয়। 

সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাইক দিয়ে প্রচারের কাজে ব্যবহৃত নিজের অটোরিকশার সামনে খড়কুটাতে আগুন জ্বালিয়ে ভিডিও করছিলেন চালক। 

“খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। এ ধরনের ঘটনা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হওয়ায় তাকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

চট্টগ্রাম জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, দণ্ডিত তফসির জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আলউদ্দিন শিকদারের নির্বাচনি প্রচারে কাজ করছিলেন।