১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, শিক্ষার্থী আহত

“ক্ষতটি তুলনামূলকভাবে গভীর হওয়ায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, শিক্ষার্থী আহত
আহত শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 07:15 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

পাথরের আঘাতে ইমু মনি জ্যোতি নামে ওই শিক্ষার্থীর নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে গেছে।

তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রামের পতেঙ্গায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেছেন, বেলা সাড়ে ১১টার দিকে নগরের ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনে ওঠেন জ্যোতি। ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছলে বাইরে থেকে নিক্ষিপ্ত একটি পাথর এসে তার নাকে আঘাত করে।

ঘটনার পর শাটল ট্রেনে থাকা সহপাঠীরা দ্রুত এগিয়ে এসে তার রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন। পরে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, সাড়ে ১২টার দিকে একজন ছাত্রীকে আনা হয়েছিল। পাথর লাগার কারণে তার নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে গেছে।

“ক্ষতটি তুলনামূলকভাবে গভীর হওয়ায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, “এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। আমাদের পক্ষ থেকে সব সময়ই জোরালো পদক্ষেপ নেওয়া হয়।”

জড়িতদের আটকের জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতা, স্টেশন মাস্টারের সতর্কতা ও মাইকিং করার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “তারপরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।”