Published : 17 Jun 2026, 08:52 PM
চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক শিশুকে অপহরণের পর টাকা দাবি করে চিরকুট পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা পৌরসভার দক্ষিণ গোবিন্দরখীল গ্রামে নিজেদের বাড়ির সামনে থেকে মঙ্গলবার দুপুরে মো. জায়ান নামে পাঁচ বছর বয়সি শিশুটি নিখোঁজ হয় বলে পরিবারের ভাষ্য।
জায়ান ওই এলাকার গ্যারেজ মালিক মো. শাহজাহানের ছেলে।
শাহজাহান স্থানীয় সাংবাদিকদের বলেন, দুপুরে তার ছেলে নিখোঁজ হয় এবং সাড়ে ৩টার দিকে তিনি ঘরে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির একটি চিরকুট খুঁজে পান। এরপর সন্ধ্যা পর্যন্ত ছেলেকে খুঁজে না পেয়ে রাতে পটিয়া থানায় জিডি করেন।
টাকা না দিলে ও পুলিশের কাছে গেলে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে হাতে লেখা ওই চিরকুটে।
শাহজাহানের কাছ থেকে পাওয়া চিরকুটটিতে লেখা ছিল- “শাহজাহান, তোর ছেলে আমাদের কাছে আছে। ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শুন। যদি কোনো চালাকি করার চেষ্টা করস, তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না। পুলিশের কাছে না গেলে ভালো হয়। যদি যাস ছেলের লাশ পাবি।
“বাইরের মানুষ না জানে মতো। তোর পরিবারের উপর নজর আছে সব সময়। আধা ঘণ্টার মধ্যে তিন লাখ টাকা আর তোর ফ্যামিলির যে কোনো একজনের মোবাইল আনলক করে একটা ব্যাগে করে তোর বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙ্গা দোকানের ভিতর রেখে দিবি। রাখার পর তুই তোর ফ্যামিলির সবাই বাসার ভিতর ঢুকে যাবি।
“ঢুকে গিয়া দরজা জানালা বন্ধ করে দিবি। যদি কোনো চালাকি করস, তাহলে আমার কোনো ক্ষতি হবে না। তুর ছেলেকে জীবনে খুঁজে পাবি না। মোবাইলটা তোর ছেলেকে তোকে দেখানোর জন্য। যেটা বললাম সেটা শুনলে ভালো। আর মানুষের গায়ে হাত তোলা বন্ধ করে দিবি।”
চিরকুট পাওয়ার বিষয়ে শাহজাহান বলেন, কে বা কারা কখন এই চিরকুট তার বাসার ভেতরে রেখে গেছে তিনি জানেন না। তার সঙ্গে কারো কোনো পূর্ব শত্রুতাও নেই।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “ঘরে চিরকুট পাওয়া গেছে বলে শিশুটির পরিবার জানিয়েছে। তবে কোনো ফোন করেনি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও শিশুটিকে উদ্ধারে কাজ করছে।”