Published : 15 Dec 2025, 09:47 PM
চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী এরশাদ উল্লাহ, যিনি নভেম্বরে নির্বাচনী গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন।
সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এরশাদ উল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। চট্টগ্রামের ১৪টি আসনে বিএনপি ঘোষিত প্রার্থীদের মধ্যে এরশাদ উল্লাহ প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার সন্ধ্যায় এরশাদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ফরমালিটি মেনটেইন করতে হয়। সেগুলো করে ২৮ বা ২৯ ডিসেম্বর জমা দেব।”
এছাড়া চট্টগ্রাম ১০ আসন থেকে এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ নিয়ে তফসিল ঘোষণার চার দিনের মাথায় চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার হেদায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচটি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার। তার অধীনের চট্টগ্রাম-৮ আসন ও চট্টগ্রাম-১০ আসন থেকে দুই জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোহাম্মদ আরমান হোসেন নামে চট্টগ্রাম-১০ আসনে একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা, নগরীর চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসনে বিএনপি চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহকে মনোনয়ন দিয়েছে তার দল । গত ৫ নভেম্বর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় নির্বাচনী জনসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এরশাদ উল্লাহ।
গত ৩ নভেম্বর বিএনপি প্রথম পর্যায়ে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। বিক্ষোভের মুখে একটি আসনের প্রার্থী বাতিল করা হয়। সে তালিকায় চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে ১০টির।
গত ৫ ডিসেম্বর আরও যে ৩৬ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তার মধ্যে চারটি চট্টগ্রামের আসন। সব মিলিয়ে বিএনপি চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টি আসনে প্রার্থী দিয়েছে।
এখনো চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন ফাঁকা রেখেছে বিএনপি।