১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনসিটি ইজারা: আন্দোলনে ‘অরাজকতা’ হলে শাস্তির হুঁশিয়ারি বন্দর কর্তৃপক্ষের

ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বন্দর ভবনে প্রতিবাদ কর্মসূচি পালন করে শ্রমিকদল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 11:24 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

বিদেশি কোম্পানির কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুকের সই করা অফিস আদেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। 

বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হলেও বন্দর কর্তৃপক্ষের তরফে শুক্রবার বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওর্য়াল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বন্দর ভবনের ভেতরে মিছিল করেন বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা।

এদিন এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া নিয়ে করা রিট খারিজ করে রায় দেয় উচ্চ আদালত।

একই দিনে বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল সংবাদ সম্মেলন করে কর্মবিরতির কর্মসূচি দেয় এবং বন্দর ভবনে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

বন্দর কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, “২৯ জানুয়ারি সকাল প্রায় ১১টা ৩০ মিনিটে অফিস চলাকালীন এনসিটি প্রকল্প নিয়ে হাই কোর্টের রায়কে কেন্দ্র করে বন্দরের কতিপয় কর্মচারী বন্দর ভবন এলাকায় মিছিলে অংশগ্রহণ করে আদারতের রায়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে, দলবদ্ধভাবে মহড়া দিয়ে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি তৈরি করে।

"যা দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থি এবং বন্দর কর্মচারী প্রবিধানমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।"

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দরের সকল কমর্কর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

২০০৭ সালে নির্মিত এনসিটি নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে বন্দর কর্তৃপক্ষ মোট ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করেছে। 

গত বছরের ৭ জুলাই থেকে এনসিটি পরিচালনা করছে চিটাগং ড্রাইডক লিমিটেড। টার্মিনালটিতে একসঙ্গে চারটি সমুদ্রগামী কন্টেইনার জাহাজ থেকে কন্টেইনার হ্যান্ডলিং করা যায়।