১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছেলের খুনের বিচার না হলে মেয়েকে নিয়ে আত্মহত্যার হুমকি গৃহবধূর

২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি আছিয়া বেগমের ২২ বছর বয়সী ছেলে মো. ইমরানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

ছেলের খুনের বিচার না পেলে একমাত্র মেয়েকে নিয়ে আত্মাহুতির হুমকি দিয়েছেন চট্টগ্রামের নারী। 

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মাহুতির হুমকি দেন আছিয়া বেগম নামের এ নারী। 

২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি আছিয়ার ২২ বছর বয়সী সন্তান মো. ইমরানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইমরানের কয়েকজন বন্ধুকে আসামি করে মামলা করা হয় বাকলিয়া থানায়। 

তিন বছরেও সন্তানের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ এ নারীর। 

আছিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। উল্টো তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। 

হুমকিতে একমাত্র কন্যাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ভাষ্য আছিয়ার। 

আছিয়া বলেন, “২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি নগরীর রসুলবাগের বাসা থেকে ইমরানকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। এরপর তার কাছে থাকা এটিএম কার্ডের মাধ্যমে জোর করে দুই লাখ টাকা তুলে নেয়। পরে পরিকল্পিতভাবে তাকে ‘পিটিয়ে’ হত্যা করে।” 

থানা পুলিশের পর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। কিন্তু আছিয়া বেগমের নারাজির কারণে মামলাটি পিবিআইকে অধিকতর তদন্তের আদেশ দেয় আদালত। 

পিবিআইর কাছে মামলা যাওয়ার ১১ মাস পার হলেও তারা কোনো আসামিকে গ্রেপ্তার করেনি বলে আছিয়ার ভাষ্য।

সংবাদ সম্মেলনে আছিয়ার মেয়ে জেসমিন আক্তারও উপস্থিত ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর এসআই আবু তালেবের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সাড়া মেলেনি।