চট্টগ্রামে সাবেক যুবলীগ নেতা গুলিতে আহত
“মাস্তান নগর এলাকায় আরেকটি মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে অনির্বাণকে গুলি করে। গুলি তার কোমরে লাগে।”
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী গুলিতে আহত হয়েছেন, যিনি এক সময় যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
শনিবার রাতে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মাস্তান নগর এলাকায় তিনি আক্রান্ত হন। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে আরেকজনের মোটর সাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিলেন অনির্বাণ।
“মাস্তান নগর এলাকায় আরেকটি মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে অনির্বাণকে গুলি করে। গুলি তার কোমরে লাগে।”
ওসি হালিম বলেন, “যতটুকু জেনেছি ১৯৯৭-৯৮ সালে মিরসরাই উপজেলা যুবলীগের কমিটিতে ছিলেন অনির্বাণ। তবে এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে তিনি সম্পৃক্ত নেই। কী কারণে এ হামলা হয়েছে সেটি আমরা খতিয়ে দেখছি।”
