১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিএমপির ১৫ ওসির থানা বদলাল

ইপিজেড থানায় এখনো কাউকে পদায়ন করা হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 06:02 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

দেশের বিভিন্ন জেলা ও ডিএমপির পর এবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৬ ওসির কর্মস্থল বদলেছে।

শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক আদেশে পুরনো ১৫ ওসিকে বিভিন্ন থানায় পদায়ন করা হয়েছে, একজনকে পাঠানো হয়েছে পুলিশের বিশেষ শাখায়। আর ইপিজেড থানায় কাউকে পদায়ন করা হয়নি। 

সিএমপির সহাকারী কমিশনার (সদর ও মিডিয়া) আমিনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫ থানায় ওসি পদায়ন করা হয়েছে। যে থানাটিতে করা হয়নি সেটাতে শীঘ্রই পদায়ন হবে।” 

নগরীর কোতোয়ালী থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায় এবং বাকলিয়ার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায় পদায়ন করা হয়েছে। 

সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায়, বন্দর থানা থেকে মোস্তফা আহমেদকে পতেঙ্গা থানায় এবং পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায় বদলি করা হয়েছে। 

হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানা, পাহাড়তলী থানা থেকে জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানা ও ডবলমুরিং থানা থেকে বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।

এদিকে বায়েজিদ বোস্তামি থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁও থানা থেকে জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে।

ইপিজেড থানার ওসি মো. কামরুজ্জামানকে আকবর শাহ থানায় এবং আকবর শাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায় বদলি করা হলেও শনিবারের আদেশে ইপিজেড থানায় কাউকে পদায়ন করা হয়নি। 

খুলশী থানার ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী থানায় এবং কর্ণফুলী থানা থেকে জাহিদুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে। এছাড়া চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে নগর পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়েছে। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে গত ২৫ নভেম্বর দেশের সব জেলার পুলিশ সুপার রদবদল করা হয়।

এরপর ২ ডিসেম্বর লটারির মাধ্যমে মহানগর পুলিশের ১১০টি থানা ছাড়া দেশের ৫২৭ থানার ওসি পদে রবদবল করা হয়। 

গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের পর শনিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সব থানার ওসি পদে রদবদল করা হয়।